রোববার ৪ জেলায় ৬ জনসভা করবেন তারেক রহমান, যাবেন নানাবাড়িতেও

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৫৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় অংশ নিতে কাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিমান যোগে আজ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তিনি রাতটি চট্টগ্রামেই অবস্থান করবেন।

পরদিন রবিবার চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সফরকালে তিনি তার নানাবাড়িতেও যাবেন বলে জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

রোববার তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ হবে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা ১১টা ৩০ মিনিটে। বিকালে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন তিনি। ফেনীতে নানা বাড়িতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এরপর বিকাল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এর একটি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজির মাঠে। অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।

ইত্তেফাক/এমএস