রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অফ পেডিয়াট্রিক ও নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ারের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ও ২৪ জানুয়ারি মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা জটিল শিশুরোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতককে আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে প্রশিক্ষণ নেন।
কর্মশালার ফলে মারাত্মক অসুস্থ শিশু, সদ্য ভূমিষ্ঠ অপরিপক্ক শিশু, ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশুসহ ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারাদেশে এই প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষনিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবেন। এর মাধ্যমে দেশের শিশুমৃত্যুর হার আরও কমার আশা করা হচ্ছে।
দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেনের তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন - অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মো. নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ এবং ডা. নুরুন নাহারসহ দেশবরেণ্য ৯ জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ। কর্মশালার সমন্বয় করেন হাসপাতালের নার্সিং কোর্ডিনেটর ফারজানা আজাদ।
ওয়ার্কশপে সমাপনী বক্তব্য রাখেন এবং সারাদেশ থেকে আগত শিশুরোগ চিকিৎসকদের “সার্টিফিকেট অব এটেনডেন্স” প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। কর্মশালার সহযোগী ছিলেন ফিশার এন্ড প্যাকেল হেলথকেয়ার।
