দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের লাশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫

লক্ষ্মীপুর সদরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে (২৪ জানুয়ারি) সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত ফজলে রাব্বি (২২) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারীবাড়ির বেল্লাল হোসেনের ছেলে। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র ছিলেন রাব্বি।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে গিয়েছিলেন রাব্বি। এর পর থেকে তার খোঁজ মিলছিল না। তাঁকে খোঁজাখুঁজির পরও না পেয়ে পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে খুনের পর সেপটিক ট্যাংকের ভেতর লাশটি ফেলে দেয়। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মামলা করেছেন নিহত কলেজছাত্রের বাবা।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, এর চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। কৌতূহলবশত দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

 
ইত্তেফাক/এমএএস