‘দল ঘোষণা করলেও সরকার থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে’ 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৩০

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এমন আলোচনার মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দল ঘোষণা করলেও এখনও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত নয় বলে জানিয়েছেন পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদ।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বয়কট করার ইঙ্গিত দিয়েছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে, যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা মেনে চলি, আইসিসির কথা নয়।’

বিশ্বকাপের দল ঘোষণা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত সরকার থেকে আসবে বলে জানিয়েছেন আকিভ জাভেদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচক, এবং আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার (ডেডলাইন) ঠিক আগমুহূর্তে দল ঘোষণা করেছি। আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।’

উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি। 

এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ইত্তেফাক/জেডএইচ