বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানির স্পন্সরশিপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে।
রোববার (২৫ জানুয়ারি) ববি প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় এ ঘটনা ঘটেছে। এসময় সেই কোম্পানি স্টল দিয়ে প্রকাশ্যে সিগারেট বিক্রি করেছে বলে অভিযোগ।
এ আয়োজনে গান পরিবেশন করেছে সোনার বাংলা সার্কাস, লালন ও সাব-কনশাস ব্যান্ডদল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, নবীন বরণে স্পন্সর নেয়া হয়েছে তামাকজাত পণ্য উৎপাদনকারী ‘রিয়াল ডায়মন্ড’ নামের একটি সিগারেট কোম্পানি। এটি বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক। আমাদের কাছ থেকে নির্দিষ্ট চাঁদা নিয়েও এমন কাজ করা খারাপ দৃষ্টান্ত।
ববির সহকারী প্রক্টর ইলিয়াস হোসেন জানিয়েছেন, স্পন্সারে যাদের রাখা হয়েছে এ বিষয়ে ওরিয়েন্টেশন কমিটি জানে তবে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে ববি প্রসাশন সবসময় তৎপর।
ওরিয়েন্টেশন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানা বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। এগুলো জানি না আমি।’

