পিএসএল নিলামের ভিত্তিমূল্যে বড় চমক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

লাহোরে প্রথমবারের মতো বসতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের নিলাম। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নিলামকে সামনে রেখে গতকাল একটি কর্মশালার আয়োজন করে পিসিবি। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। আলোচনায় অংশ নেন পিএসএলের ইতিহাসে দুই সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর আজম ও ফখর জামান এবং সর্বোচ্চ উইকেটশিকারি দুই বোলার হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি। 

এই কর্মশালায় পিএসএল ব্যবস্থাপনা দল খেলোয়াড় ধরে রাখা ও নিলাম প্রক্রিয়ার পূর্ণ কাঠামো তুলে ধরে। ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মতামত নিয়ে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়, আগামী ১১ ফেব্রুয়ারি বসবে পিএসএলের নিলাম। এটিই হবে পিএসএলের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নিলামভিত্তিক দল গঠনের আয়োজন। কর্মশালায় সবচেয়ে বেশি আলোচনায় আসে খেলোয়াড়দের ভিত্তিমূল্য।

পিএসএলের নিলামে সব মূল্য নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। পরের ধাপে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২০ লাখ রুপি, ১ কোটি ১০ লাখ রুপি এবং ৬০ লাখ রুপি। 

নিলামে দর বাড়ানোর ন্যূনতম সীমাও নির্ধারণ করেছে পিসিবি। ১ কোটি ১০ লাখ রুপির নিচে দর বাড়ালে বাড়তি দর হবে ২ লাখ ৫০ হাজার রুপি। ২ কোটি ২০ লাখ রুপির নিচে বাড়তি দর ৫ লাখ রুপি। ৪ কোটি ২০ লাখ রুপির নিচে বাড়তি দর ১০ লাখ রুপি। আর ৪ কোটি ২০ লাখ রুপির ওপরে দর হাঁকালে বাড়তি দর হবে ১৫ লাখ রুপি। 

তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে এই ন্যূনতম সীমার চেয়েও বেশি দর হাঁকাতে পারবে। এই নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের আগ্রহও চোখে পড়ার মতো। পিএসএল নিলামের জন্য নাম জমা দিয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

ইত্তেফাক/জেডএইচ