ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান, ভিডিও ভাইরাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে আদালতে হাজিরের সমন জারি করেছেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সংক্রান্ত একটি সমন অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন (কক্ষ নং ৭০১ ও ৭০২) এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন এবং এই ঘটনায় কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত ছাত্রদল নেতারা হলেন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান।

সম্প্রতি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষের স্লোগান দেওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই স্কুলের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ কয়েকজন তরুণ স্কুল প্রাঙ্গণে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের স্লোগান দিতে বলছেন।

এসময় শিশুদের লক্ষ্য করে একজন তরুণকে বলতে শোনা যায়, ‘আমরা যদি বড় হতাম, ধানের শীষে ভোট দিতাম।’ তরুণদের অনুকরণ করে শিশুদেরও একই স্লোগান দিতে দেখা গেছে ছড়িয়ে পড়া ভিডিওতে।

এদিকে এই ঘটনার সমালোচনার মুখে উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোকাদ্দেছ আলীকে তার ‘সমন্বয়ক’ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল। সেই সঙ্গে তাকে এই ঘটনার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

গত শনিবার জারি করা ওই নোটিশে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগে আপনাকে ২ নম্বর শিলখুড়ি ইউনিয়ন এর সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে।’

ইত্তেফাক/এপি