ডেঙ্গু চিকিৎসায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৭:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক ও নার্সরা কাজ করে যাচ্ছেন। মশা নিধনে দুই সিটি করপোরেশনও জোরালোভাবে কাজ করে যাচ্ছে।

 

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে  তিনি এ সব কথা বলেন। 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু মোকাবেলার সার্বিক বিষয়টি নজরদারিতে রেখেছেন। ডেঙ্গু মোকাবেলায় মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।  ডেঙ্গু পরীক্ষার কিটস, রোগীর চিকিৎসার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। 

 

তিনি আরো বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বার্ন  অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ আরো কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সেলে ভর্তি বিভিন্ন রোগীর সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া চিকিৎসা সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন : সরকার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ : জিএম কাদের

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মো. আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহাবুবুল হক, এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনিসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি