সিটিজেন লিয়াজোঁ ভলান্টিয়ারদের সঙ্গে ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫২

সিটিজেন লিয়াজোঁ ভলান্টিয়ারদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, সিটিজেন লিয়াজোঁ ভলান্টিয়ারদের সেবার জন্য ধন্যবাদ জানাতে এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিক কমিউনিটিকে নিরাপদ ও সুসংযুক্ত রাখতে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করতে আমরা তাদের সাথে বৈঠক করেছি।

এর আগে চট্টগ্রামে তার দুই দিনের সফরকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সদ্য উদ্বোধিত আমেরিকান কর্নার পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়কে তাদের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে তাদের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

ইত্তেফাক/এএইচপি