চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, নারী শিক্ষার্থী আহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ইমু মনি জ্যোতি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ষোলশহর স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটলে যাত্রার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে উপরের ঠোঁট পর্যন্ত ফেটে যায়।

সহযাত্রী শিক্ষার্থীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

চিকিৎসকরা জানান, তার ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে এবং অস্ত্রোপচারও করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘদিন ধরেই শাটল ট্রেনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। এর আগে নারী শিক্ষার্থীদের হয়রানি ও ছিনতাইয়ের ঘটনারও অভিযোগ উঠেছে। তারা শাটল ট্রেন ও স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শহীদ সরওয়ার্দী জানান, শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি