এক স্বৈরাচারকে সরিয়ে নতুন আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও ঐক্য, ক্ষমতার পুনরাবৃত্তি নয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশাল এলাকায় এনসিপি ও এগারো দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। বরং লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এই অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে, কারণ চাঁদাবাজির রাজনীতির কারণে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।
বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কুঁড়ি’ প্রতীকের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের সমর্থন প্রত্যাশা করেন তিনি।
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নরসিংদীসহ সারা দেশে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এনসিপির অগ্রাধিকার।
তিনি বলেন, ‘যারা আবার আওয়ামী লীগ হতে চায় এবং যারা তাদের ফিরিয়ে আনতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তাদের বিতারিত করবে।’

