ইজিবাইকে মায়ের অনুপস্থিতিতে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে চালক চম্পট দেয়ার ৩০ ঘন্টা পর ওই শিশুকে র্যাব উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাইবান্ধা থেকে অপহৃত শিশু হিসান রহমানকে (৩) উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
হিসান রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে অপহরণের শিকার ৩ বছরের হিসানকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে অপহরণের পেছনে জড়িতদের গ্রেফতার করার বিষয়ে ঢাকায় র্যাবের একাধিক টিম কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার রাতে শিশুর মা সুমাইয়া আক্তার বলেন, ‘আমার আদরের ধন রে পাওয়া গেছে। গাইবান্ধায় র্যাবের হেফাজতে আছে।’
উল্লেখ্য, বুধবার দুপুর ১ টা ১০ মিনিটের দিকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রিকশাযাত্রী মায়ের অনুপস্থিতিতে ইজিবাইক চালক তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দেন। শিশুটির মা মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডে নিজ বাড়িতে থাকেন। তার স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তার একটি টেষ্ট রিপোর্ট নেওয়ার জন্য মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। রিকশায় ওঠার পর এক বোতল পানির প্রয়োজন দেখা দেয়। তিনি রিকশায় হিসানকে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনেন। রিকশায় আসতে গিয়ে দেখেন ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক বাচ্চাসহ ইজিবাইক নিয়ে চম্পট দেন।
