১৯৭১’র সনাতন ধর্মালম্বী নির্যাতনকারীদের উত্তরসূরীরা নবরুপে নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরে যারা সনাতন ধর্মালম্বীদের নির্যাতন করেছিলো তারাই উত্তরসূরীদের নিয়ে আবার নবরুপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। 

শুক্রবার (৩০ জানুয়ারী) পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্ম ভিত্তিক দলের হাতে এদেশের সনাতন ধর্মালম্বী ভাইবোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিলো, ত্যাগ শিকার করতে হয়েছিলো, যা সনাতন ধর্মালম্বী ভাইবোনদের পূর্ব পুরুষেরা জানেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতা চায়নি তারাই সনাতনী ভাইবোনদের এমন নির্যাতন করেছিলো।  

বিএনপির শাসন আমলে এদেশের সকল ধর্মের মানুষ নিরাপদ ছিলো উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস‌্য বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি এদেশের সকল মানুষকে নিয়ে যারাই এই ভূখন্ডে বসবাস করেন তাদের সকলকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমরাও কোন ধরনের জাতি বিভক্তি, ধর্মীয় বিভক্তি কিংবা বর্ণ বিভক্তি চাইনা আমরা সবাই মিলে বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই। 

পেকুয়া উপজেলা বিশ্বাস পাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাস পাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি  শিমুল বিশ্বাসসহ আরও অনেকে। 

 

 
ইত্তেফাক/এনটিএম