হুমায়ুন আবিদ
ঈদের আগে গিন্নি বলল
বাজার করতে যাও
যাবার আগে তালিকাটা
সঙ্গে নিয়ে নাও।
তালিকাতে যা যা আছে
দেখে শুনে নিও
মাকে ঈদে ভালো একটা
শাড়ি কিনে দিও।
ছেলে মেয়ের বেতন বাকি
কালকে দিতে হবে
বাবার সাদা পাঞ্জাবিটা
ছিঁড়ে গেছে কবে।
বুয়ার বেতন পানির বিলটা
আজো আছে বাকি
বোনটা আমার চাইছে ঈদে
নতুন জামা পাখি।
ভালো গরু কোরবানি দেব
বাজেট ধরো আশি
পাশের বাসার ভাবির মতো
সঙ্গে একটা খাসি।
আমার কথা কি আর বলব
সবই তোমার জানা
ভালোবেসে গয়না দিলে
করব না তা মানা।
গিন্নির কথা শুনেই আমি
হয়ে গেলাম টাল
ভাইকে বললাম মাথা ঘুরছে
জলদি পানি ঢাল।
তাঁতীসুতা, শ্রীপুর, গাজীপুর।
