দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের মূল আয়োজক ভারত। পাশাপাশি সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। তার আগে ভারতে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে প্রাণঘাতী ‘নিপাহ ভাইরাস’। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।
ভারতে নিপাহ ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। দেশটির ‘নাইন নেটওয়ার্ক টেলিভিশন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিপাহ ভাইরাস কখনোই অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি। তবে ডিসেম্বর মাসে ভারতে যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবুও আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি, কারণ এটি একটি অত্যন্ত গুরুতর ভাইরাস।’
এর আগে পাকিস্তানের গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে, নিপাহ ভাইরাসের কারণে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তাই খবরটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের পর বিষয়টি নতুন মাত্রা পেল।
নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য।
