শফিকুল ইসলাম শফিক
চারিদিকে যত হাট পশু আর পশু রে
যাব না তো খালি হাতে কেনা চাই রসু রে
এই হাট হাট না
পশু ফিটফাট না
আরো চাই মোটাতাজা কোথা যাই নশু রে?
জমিয়েছি টাকা রোজ ঘুষে আর সুদে রে
তবু যেন নেই ভালো পেটে খুব ক্ষুধে রে
করি শুধু ভাব না
বাড়ি ভাই পাবনা
অনায়াসে খাই ভেবে শনি সোম বুধে রে।
কত হাট চলে গেল পশু দেখি আহা রে
আমি বড় অফিসার লোকে কয় বাহা রে
পশু কেনা হয় না
বাকি বুঝি রয় না
কত উঁচু পরিবার বলি আমি কাহারে?
কত হাট ঘুরে ফিরে কিনি অবশেষে রে
এত বড় পশু আর নাই বুঝি দেশে রে
কেউ দেখে চুপ না
কম আছে রূপ না
কত লোক সমাগম এই পরিবেশে রে।
বড় ঈদ বড় পশু কিনে বাহাদুরি রে
জবাই তো হবে কাল জানে ঝুনো বুড়ি রে
মজাদার রান্না
চোখে নেই কান্না
মনে চায় পশু কিনি আরো তিন কুড়ি রে।
মনের পশুটা আগে জবাই তো দিলে রে
কোরবানি তারপর প্রাণে সুখ মিলে রে
ভোগে সুখ সয় না
ত্যাগে পরাজয় না
হালাল রুজিতে প্রভু খুশি অনাবিলে রে।
কনইল, নওগাঁ।
