অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারি নিয়ে আরেক নারীর চাঞ্চল্যকর অভিযোগ 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে এবার আরেক নারী চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। ওই নারীর অভিযোগ, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ভুক্তভোগী ওই নারীর আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এই দাবি করেছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বাসভবন রয়্যাল লজে এমন ঘটনা ঘটেছে।

সেইসময় ওই নারীর বয়স ছিল ২০-এর কোঠায় এবং তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন না। 

ওই নারীর আইনজীবী ব্রাড এডওয়ার্ডস বলেন, অ্যান্ড্রুর সঙ্গে রাত কাটানোর পর তার মক্কেলকে বাকিংহাম প্যালেস ঘুরিয়ে দেখানো হয়। সেখানে তিনি চা-ও পান করেন। ব্রাড এডওয়ার্ডস মার্কিন ফার্ম এডওয়ার্ডস হেন্ডারসনে কাজ করেন। 

এসব অভিযোগের বিষয়ে বিবিসি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের মন্তব্য জানতে চাইলে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

বিবিসি বলছে, বর্তমানে বিশ্বজুড়ে ব্র্যাড এডওয়ার্ডস এপস্টিনের লালসার শিকার হওয়া ২০০-র বেশি নারীর আইনি প্রতিনিধিত্ব করছেন।

এডওয়ার্ডস জানিয়েছেন, তিনি এখন ওই দ্বিতীয় নারীর পক্ষ থেকে সাবেক প্রিন্সের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

ইত্তেফাক/এসআর