বিনোদন রিপোর্ট
ঈদের দিন চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘কাঠপেন্সিলের কাহিনি’। নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নাটকের গল্পে দেখা যাবে, মাঝ বয়সী হিরো সেলিম ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক ভাইরাল। সে কোনো ভিডিও আপ বা এফবি পোস্ট দিলেই লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়। তাঁর বানানো পাঁচ-দশ মিনিটের উদ্ভট ও সস্তা কন্টেন্টগুলোতে মূলত সে নিজেই হিরো, তাই ভার্চুয়াল জগতে তাঁর পরিচয় হিরো সেলিম। সেলিম ও শামীম বাল্যবন্ধু। সেলিম ভাইরাল হয়ে বিখ্যাত হয়ে যাওয়ার পর থেকেই শামিমের সঙ্গে বন্ধুত্বের বাঁধনটা কেমন যেন আলগা হয়ে গেছে। শামিম আগের মতোই আগ্রহ নিয়ে সেলিমের কাছে যায়, কিন্তু সেলিম কেমন যেন একটু তাচ্ছিল্য করতে চায়। শামিমকে নানা উপদেশ দেওয়ার ছলে বুঝিয়ে দিতে চায় যে, তাঁকে দিয়ে জীবনে কিছু হবে না। সুযোগ পেলেই সেলিম নানা ব্যস্ততার গল্প শোনায় শামিমকে। ভক্তকূল, বিশেষ করে তাঁকে ঘিরে নারী ভক্তকূলের উন্মাদনার ঘনা বিস্তারিত করে বলে। এমনই এক ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প। নাটকটি প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘যে কাজগুলো করি, চেষ্টা থাকে সেগুলো যেন দর্শকদের ভালো লাগে। এই নাটকটিতে সমসাময়িক ম্যাসেজ রয়েছে। যেগুলো দর্শকদের একটু হলেও ভাবাবে।’
