রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নিরাপদ সড়ক বিষয়ক আলাদা আইনের প্রস্তাব করছে। 'সেফ সিস্টেম এ্যাপ্রোচ' এর আলোকে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন হলে বাংলাদেশের সড়ক অধিকতর নিরাপদ হবে। এ সকল পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
রোববার ( ১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)- এর রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবিটরের (জিএইচএআই) কান্ট্রি ডিরেক্টর ড. মোঃ শরিফুল আলম, রোড সেফটি বিশেষজ্ঞ এম খালিদ মাহমুদ, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার,বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোড সেফটি এন্ড ইনজুরি প্রিভেনশন প্রোগ্রাম ডিরেক্টর ডা: মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প কর্মকর্ত মোঃ শরাফত-ই-আলম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোড সেফটি প্রজেক্ট অফিসার স্বর্ণিল মন্ডল।
সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলো তাদের নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহারে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।
তারা বলেন, বাংলাদেশের সকল সড়ক নিরাপদ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩.৬ ও ১১.২ এবং জাতিসংঘের বৈশি^ক পরিকল্পনা ও ৪র্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি (২০২৫)-এর প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সেফ সিস্টেম এ্যাপ্রোচের আলোকে একটি সড়ক নিরাপত্তা আইন" প্রণয়ন এবং এর কার্যকর বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রোড সেফটি কোয়ালিশন আশা করে সড়কে মানুষের প্রাণহানি রোধ বিষয়ক অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সড়ক নিরাপত্তা আইন" প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলীয় ইশতেহারে উপরোক্ত বিষয়টি অন্তর্ভুক্ত করবে এবং এর যথাযথ বাস্তবায়ন করবে।

