২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে— বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন কঠিন সিদ্ধান্ত পাকিস্তান বেশ ভেবে-চিন্তে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে ২৪ ঘণ্টায় আরও অনেক কিছুই ঘটতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের কথা জানানোর পর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লতিফ এ সব কথা বলেন। তার মতে পাকিস্তানের নেওয়া এই সিদ্ধান্তটি ভারত নয়, সরাসরি আইসিসির ওপর আঘাত করবে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের এমন বড় সিদ্ধান্তে বাংলাদেশের বিষয়টিই বড় প্রভাব রেখে উল্লেখ করে রশিদ লতিফ বলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছিল। ভারত ও পাকিস্তান দুই দেশই সম্মত হয়েছিল যে আগামী তিন বছর আমরা হাইব্রিড মডেলে খেলব। এভাবেই দুবাইয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে, এমনকি শ্রীলঙ্কায় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের নারী দল খেলেছে। কিন্তু বাংলাদেশের ঘটনার পর থেকে দৃশ্যপট পাল্টে গেছে।’

সিদ্ধান্তটা পাকিস্তান ভেবেচিন্তে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান সাধারণত এমন কঠোর সিদ্ধান্ত নেয় না। কিন্তু এবার পিসিবি কোনো নিষেধাজ্ঞার পরোয়াও করছে না। এর প্রভাব হবে সুদূরপ্রসারী। এ বছরই মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে, যেখানে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ থাকতে পারে। এরপর ২০২৮ সালে চ্যাম্পিয়নস ট্রফি আছে, যেটার আয়োজক ভারত, পাকিস্তান সেখানেও খেলতে পারে। সুতরাং বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। মনে হচ্ছে পাকিস্তান অনেক ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

পাকিস্তানের এই সিদ্ধান্তে শুধু এশিয়ার ক্রিকেট নয়, বরং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বোর্ডগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন রশিদ। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের সরকারের ঊর্ধ্বে। কিন্তু এখন খেলাটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী, তারা নিশ্চয়ই কোনো একটি সমাধান খুঁজে বের করবে।’

সংকট যদি সমাধান না হয়, তাহলে তা ক্রিকেটের জন্য বড় বিপর্যয় হবে বলে মনে করেন সাবেক এই পাক অধিনায়ক। তিনি বলেন, ‘সবসময়ই একটি পর্দার আড়ালের কূটনীতি কাজ করে। ২৪ ঘণ্টার মধ্যে অনেক কিছুই ঘটা সম্ভব। যদি সমাধান না আসে, তবে এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিপর্যয়।’

ইত্তেফাক/জেডএইচ