নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পড়লো খাদে, মাদারীপুরে নিহত ২

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৫

মাদারীপুরের রাজৈরে মৌচাকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুই মৌচাষি নিহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে রাজৈর উপজেলার ঢাকা বরিশাল-মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদের ছেলে রানা (২৭) ও একই থানার মুক্তারের ছেলে লিখন (১৮)। তারা দুজনই মৌ-শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশের সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে সড়কের পাশের খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই রানা ও লিখন নিহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল-রশিদ জানান, মৌ-চাকবাহী গড়িটি ঢাকা থেকে বারিশালে দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রকা চালক পলাতক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি