কক্সবাজারের চকরিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৮)।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, বাণিজ্যিক নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনে কাজ করছিলেন তিনজন নির্মাণ শ্রমিক। ওই ভবনের ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক লাইন গেছে। বেলা ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত শ্রমিক লাল মুহিত উদ্দিন প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার ঝাঁকুনিতে মোহাম্মদ উসমান নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, নির্মাণ শ্রমিকদের মৃত্যুর খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। সব তথ্য যাচাই-বাছাই ও প্রাথমিক তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
