নিয়মের বাইরে সাকিবকে নিয়েছে রংপুর

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

মিটিংটা বসেছিল মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, বিসিবি পরিচালক আকরাম খান, লোকমান হোসেন ভূইয়া, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনরা ছিলেন মিটিংয়ে। বিকাল ৪টায় একযোগে বিসিবি কার্যালয় ছেড়ে যান তারা। গন্তব্য ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাক্ষাত্ পাওয়া।

পরে পরিচালকদের সঙ্গে বোর্ড সভাপতির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে বিপিএল, জাতীয় দলের শ্রীলঙ্কা সফর, জাতীয় দলের হেড কোচ নিয়োগসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সন্ধ্যার পর মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আমাদের অনেক বিষয়ে আলোচনা হয়েছে। দুই-এক দিনের মধ্যে আমরা সংবাদ সম্মেলন করে সব বলবো। আজ (গতকাল) কিছু বলবো না।

তবে সভার এক বিশ্বস্ত সূত্র জানায়, বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যা আজকালের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাবে বিসিবি। কারণ, ইতিমধ্যে দলগুলোর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে চুক্তি করতে হবে।

তবে দলের মেয়াদ না থাকলেও সাকিব আল হাসানকে গত ৩১ জুলাই দলভুক্ত করেছে রংপুর রাইডার্স। যেটি ভালো চোখে দেখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। রংপুর ও সাকিবের চুক্তি নিয়ম-বহির্ভূত হয়েছে বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী কয়েকদিনের মধ্যেই।

পরে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শেখ সোহেল ইত্তেফাককে বলেছেন, ‘আমরা বসেছিলাম বোর্ড সভাপতির সঙ্গে। আমরা আপনাদের সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবো। এখানে শ্রীলঙ্কা সফর, কোচ নিয়েও কথা হয়েছে। সবই বলা হবে। আমরা কালকেও (আজ) আবার বসবো। তারপর সংবাদ সম্মেলন করা হবে।’

আসন্ন বিপিএলের সপ্তম আসরে সাতটি দল অংশ নেবে বলে আশা করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি নিয়মের বাইরে হয়েছে বলে জানিয়েছেন শেখ সোহেল। গতকাল তিনি বলেছেন, ‘কোনো আইনে এটা নিতে পারে না। কারণ, এখন দলের মেয়াদ নেই। মেয়াদ শেষ এবং বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিলকে না জানিয়ে অনুমতি ছাড়া এটা তারা নিতে পারে না। এটা নিয়মের বাইরে হয়ে গেছে।’

রংপুরের ঘরে সাকিবের থাকা কঠিন হয়ে পড়ছে নিয়মের মারপ্যাচে। বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের কথায় সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে, ‘এখন তো ফ্র্যাঞ্চাইজিদের সবারই মেয়াদ শেষ। এটা বহাল থাকে কি করে? নতুন করে আবার চুক্তি করতে হবে।’