তারুণ্যের জয়গান

দেশ ভ্রমণে সেঞ্চুরি করলেন আসমা!

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২২:৫৫

বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্ব ভ্রমণে সেঞ্চুরি করলেন কাজী আসমা আজমেরী। গত সপ্তাহে আসমা তুর্কমেনিস্তান সফরের মধ্যদিয়ে তার শততম দেশ সফরের আশা পূরণ করে রেকর্ড সৃষ্টি করলেন।

বিশ্ব পরিব্রাজক আসমা ইত্তেফাককে টেলিফোনে জানান, বাংলাদেশি এই পাসপোর্ট আমার গৌরব, এই পাসপোর্ট আমার পতাকা। যা বহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের মেয়ে। বাংলাদেশি মেয়েরা তো আর পিছিয়ে নেই। দুমাস আগে কানাডা সফরকালে আসমা বলেন, টরন্টো এসেই জানতে পারলাম, আমার মতো আরেক বাংলাদেশি মেয়ে ডলি বেগম অন্টারিও পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছেন!

খুলনার মেয়ে আসমা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এমবিএ সম্পন্ন করে ২০০৮ সালে থাইল্যান্ড ভ্রমণের মধ্যদিয়ে দেশ ভ্রমণ করতে শুরু করেন।   তারপর দীর্ঘ দশ বছর দীর্ঘ যাত্রার পর ভ্রমণ-সেঞ্চুরির স্বপ্ন বাস্তবে পরিণত হলো।

তিনি আরো জানান, তপ্ত মরুপথে হাঁটা থেকে শুরু করে ঠাণ্ডা বরফের দেশে কিংবা নীল সাগরের পাড় থেকে সবুজ পাহাড়ের চূড়ায় অথবা গভীর অরণ্য থেকে হারিয়ে যাওয়া কোনো অচেনা গ্রামের গল্পের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তিনি হয়তো একটি বই লিখবেন।