স্পোর্টস ডেস্ক
এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে চালকের আসনেই ছিল ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত আট উইকেটে তাদের সংগ্রহ ৩৬৫। মানে এরই মধ্যে তারা লিড নিয়ে ফেলেছে ৮১ রানের।
৬৫ রানের অপরাজিত এক অনন্য জুটি গড়ে ইংল্যান্ডকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন টেল এন্ডার স্টুয়ার্ট ব্রড আর অলরাউন্ডার ক্রিস ওকস। ওকস ৩১ রান করে অপরাজিত ছিলেন। আর ব্রডের সংগ্রহ ২৯ রান।
এর আগে প্রথম ইনিংসে ২৮৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আরো কমে আটকে যেতে পারতো। কিন্তু, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্টিভেন স্মিথ দারুণ এক সেঞ্চুরি করে অজিদের ম্যাচে ফিরিয়ে আনেন।
যদিও, অস্ট্রেলিয়ানদের দুর্ভোগ বাড়ে দ্বিতীয় ও তৃতীয় দিনে। নেতৃত্ব দেন ররি বার্নস। এই ওপেনার করেন ১৩৩ রান। এই ইনিংসে ছিল ১৭টি চার। এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। রুট ও স্টোকস আউট হওয়ার আগে যথাক্রমে ৫৭ ও ৫০ রান করেন।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন তিন পেসার। প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন ও পিটার সিডল দু’টি করে উইকেট নেন। এছাড়া অফ স্পিনার নাথান লিঁও-ও নেন দু’টি উইকেট।
