অস্ত্রোপচারে পৃথক হলো রাবেয়া ও রোকেয়া

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:২২

বিশেষ প্রতিনিধি

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হলো জোড়া মাথার দুই বোন রাবেয়া ও রোকেয়াকে। প্রায় ৩৩ ঘণ্টা টানা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমজ রাবেয়া ও রোকেয়ার অপারেশন শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাফল্যজনকভাবে সম্পন হয়। গত ১ আগস্ট দিবাগত রাত ১টায় মাথা জোড়া লাগানো যমজ বাচ্চাদের পৃথকীকরণের জটিল অপারেশনটি সিএমএইচ, ঢাকায় শুরু হয়। এই অপারেশনটি সম্পন্ন করতে ৩৩ ঘণ্টা সময় লাগে।

প্রধানমন্ত্রীর সহূদয়তায় পাবনার চাটমোহর-এর রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির তিন বছর ১৫ দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছিল। হাংগেরি সরকারের মাধ্যমে ‘অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল’ নামক সংগঠনও সক্রিয় সহায়তা প্রদান করেছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বিষয়টির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। ইতিপূর্বে প্রাণবন্ত বাচ্চা দুইটির দুইস্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৪৮টি ছোটো-বড়ো অপারেশন হাংগেরিতে সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের সবচাইতে জটিল অংশটি ‘যমজ মস্তিষ্ক’ আলাদাকরণের কাজটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সম্পন্ন হয়। এই অস্ত্রোপচারে হাংগেরি বিশেষজ্ঞদের সঙ্গে সিএমএইচ-এর নিউরো অ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে, নিউরো ও প্লাস্টিক সার্জনগণসহ ঢাকা মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও অ্যানেসথেসিওলজিস্ট এই জটিল অপারেশনে অংশগ্রহণ করেন। এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটিই প্রথম। এই অপারেশনটি বাংলাদেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিত্সা ব্যবস্থার সক্ষমতা আরো বৃদ্ধি পেল। এধরনের চিকিত্সা সহায়তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও হাংগেরির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।

ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ জানান, এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশি নয়। অপারেশনের পর রাবেয়া এবং রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে; কিন্তু এধরনের অস্ত্রোপচারে সর্বদাই অপারেশন পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি। সমগ্র দেশবাসীর কাছে রাবেয়া এবং রোকেয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।