‘পাক্ষিক অনন্যা’ ও ‘আর্টিকেল নাইনটিন’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:২৩

নারী মিডিয়াকর্মীদের অধিকার ও

সুরক্ষায় কাজ করার অঙ্গীকার

ইত্তেফাক রিপোর্ট

নারীর সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকারে ‘পাক্ষিক অনন্যা’ ও ‘আর্টিকেল নাইনটিন’ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার বিকালে পাক্ষিক অনন্যা কার্যালয়ে পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং আর্টিকেল নাইনটিন এর আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সালের মাঝে এই সমঝোতা হয়। এসময় উপস্থিত ছিলেন অনন্যার সহকারী সম্পাদক লাইলী বেগম, সমন্বয়ক রিয়াদ খন্দকার, আর্টিকেল নাইনটিনের প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী, সহকারী প্রোগ্রাম অফিসার আয়েশা আখতার আফ্রি প্রমুখ।

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় মতপ্রকাশ নিয়ে দীর্ঘদিন কাজ করছে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় কর্মরত নারী মিডিয়াকর্মীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে আর্টিকেল নাইনটিন বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে পাক্ষিক অনন্যা বাংলাদেশে একমাত্র পত্রিকা যেখানে নারীর দৃষ্টিতে সমাজকে দেখতে পায়। ফলে দুই প্রতিষ্ঠানের লক্ষ্যের মধ্যে মিল থাকার কারণে এই দুই প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে যে, তারা পরস্পর নারী মিডিয়াকর্মীদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করবে।

এই লক্ষ্যে আর্টিকেল নাইনটিন পাক্ষিক অনন্যায় প্রতি ১৫ দিনে একপাতা নারী মিডিয়াকর্মীদের অধিকার এবং সুরক্ষা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনের কন্টেন্ট এবং ছবি আর্টিকেল নাইনটিন প্রদান করবে। গ্রাফিক্স ডিজাইন ও মুদ্রণের দায়িত্ব পাক্ষিক অনন্যার। এ বাবদ আর্টিকেল নাইনটিন প্রতি মাসে পাক্ষিক অনন্যাকে ২০ হাজার টাকা প্রদান করবে। এ সমঝোতা চুক্তি ১ আগস্ট ২০১৯ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বলবত্ থাকবে। উক্ত সমঝোতার সাফল্যের ভিত্তিতে উভয়পক্ষ সম্মত হলে ভবিষ্যতে এই স্মারকের ভিত্তিতে আরো সুনির্দিষ্ট সহযোগিতা ও প্রচার-প্রচারণার কৌশল দুই পক্ষ মিলে তৈরি করবে। আর্টিকেল নাইনটিন বাংলাদেশ নারী নেটওয়ার্কের জন্য অনন্যা পত্রিকা কিনে সরবরাহ করা যায় কি না তা যাচাই-বাছাই করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গোলটেবিল বৈঠকসহ অন্যান্য কর্মকাণ্ড করা যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।