জাতীয় প্রেসক্লাবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেসক্লাব। এ উপলক্ষে বেশ কয়েকজন সম্পাদকসহ উল্লেখযোগ্যসংখ্যক খ্যাতিমান সাংবাদিক গতকাল প্রেসক্লাব অঙ্গনে আসেন। তাদের উপস্থিতিতে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু হয়। এ সময় জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সদস্যদের স্ব্বাগত জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, সিনিয়র সদস্য রাহাত খান, আবেদ খান, ডিপি বড়ূয়া, আমান উল্লাহ, কবি হেলাল হাফিজ, মৃণাল কৃষ্ণ রায়, খোন্দকার শাহাদাত্ হোসেন, আবুল কালাম আজাদ ও সৈয়দ আবদাল আহমদ। পরে ১০ বরেণ্য সাংবাদিক প্রেসক্লাব আঙ্গিনায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ, রেজোয়ানুল হক রাজা ও সানাউল হকসহ ক্লাবের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।