জানুয়ারিতে ঢাকায় সিপিবির শীতকালীন সমাবেশ

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

কৃষক-খেতমজুর-শ্রমিক-ছাত্র-জনতার বিভিন্ন দাবির পক্ষে আগামী বছর জানুয়ারিতে ঢাকায় ‘শীতকালীন সমাবেশ’ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। এর আগে গ্রামাঞ্চল ও শিল্পাঞ্চলে হাজার-হাজার কিলোমিটার পদযাত্রা করবে দলটি। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডেঙ্গু নিয়ে সিটি প্রশাসন ও সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ জানান সিপিবি নেতারা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ গ্রহণে বাধ্য করতে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেন তারা। পাশাপাশি পার্টির উদ্যোগে ডেঙ্গু আক্রান্তদের সহযোগিতা করা ও জনসচেতনতা সৃষ্টির জন্য দলের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানানো হয়। বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারকে বাধ্য করতে গণআন্দোলন গড়ে তোলার জন্য পার্টির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে। সভায় কেন্দ্রীয় কমিটির নতুন দশ জন সংগঠক মনোনীত করা হয়। নতুন সংগঠকরা হলেন- অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, পরেশ কর, অমৃত বড়ুয়া, আবিদ হোসেন, অ্যাড. আইনুন নাহার লিপি, আসলাম খান, অ্যাডভোকেট মহসিন রেজা, হাফিজুল ইসলাম, মোতালেব মোল্লা ও জাহিদ হোসেন খান।