সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি শামসুল হাবীব বলেন, ‘মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।’

তিনি আরও বলেন, বর্তমানে তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

ইত্তেফাক/এনএন