নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি করে ধরা পড়ার পর পরিত্যক্ত একটি অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে বুধবার রাত গভীর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সিরাজপুর গ্রামের শাহজালালের নতুন বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে ঘরে ঢুকে ফারুক ও তার সহযোগীরা। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ গড়ে তুলে এলাকাবাসী। একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। এসময় ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ফারুক। তবে স্থানীয়রা তাকে ধরে ফেলে। এসময় তার কাছে থাকা একটি অচল অস্ত্র দিয়ে গুলির ভয় দেখায় উত্তেজিত জনতাকে। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে এই ঘটনায় ফারুকের সঙ্গে থাকা তার সহযোগীরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ওই চোরকে পরিত্যক্ত অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেরও চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
