মাদারীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫

মাদারীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী মুহা. কামরুল ইসলাম সাইদকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) এই আদেশ দেন। মুহা. কামরুল ইসলাম মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(গ) লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ দণ্ড প্রদান করেন।

কমিটি সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়াল) অনুসরণ করে প্রার্থীকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ২ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

নির্বাচনী আচরণ বিধিমালার বিধি ৭(গ) অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় অবস্থিত কোনো দালান, ট্রাক, ট্রেন, স্টিমার, লঞ্চ, রিকশা, অটোরিকশা, লেগুনা, ট্যাক্সি, বেবিটেক্সি বা অন্য কোনো যানবাহনে লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটাতে পারবেন না। কিন্তু অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাইদ প্রচারণার সময় একটি গাড়িতে ব্যানার সাঁটান।

বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ)-এর নজরে এলে তিনি সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে এ আদেশ দেন।

ইত্তেফাক/এপি