‘মির্জাপুরে পর্যাপ্ত ডিজিটাল সেবা পাচ্ছেন না নাগরিকরা’

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫০

ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম ও সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র চালু করলেও বাস্তবে সেবা পাচ্ছেন না এলাকার সাধারণ নাগরিকরা। দিনের পর দিন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে ঘুরেও সেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে এ হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার বেশ কয়েকটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে সেবা না পাওয়ার সত্যতা পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো হচ্ছে—  মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়ন। ১৪ ইউনিয়নের সাধারণ জনগণ (নাগরিক) যাতে সরকারের সকল ধরনের সেবা কার্যক্রম ঘরে বসে কম সময়ে ও অল্প টাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করতে পারেন সে লক্ষ্য নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগ প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র চালু করেন। এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে একজন নাগরিক অনলাইনে জন্ম নিবন্ধন, সকল ধরনের পর্চা, পাসপোর্টের আবেদন, পাসপোর্টের ফি জমা, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করা, সকল দেশের ভিসা চেকিং করাসহ ১৪২টি সেবা কার্যক্রম সাধারণ নাগরিক পাওয়ার কথা। বাস্তবে সাধারণ নাগরিকরা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন (২৩) অভিযোগ করে বলেন, সাত-আট দিন ধরে জন্ম নিবন্ধনের জন্য তথ্য সেবা কেন্দ্রে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জন্ম নিবন্ধনের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছি না। তার মতো অনেকেই এ অভিযোগ তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের অপারেটরগণ বলেন, সেবা কেন্দ্র সার্ভার স্থাপন করা হলেও তা নিয়মিত কাজ করছে না। নেট না থাকার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। বিভিন্ন এলাকা থেকে সাধারণ নাগরিক এসেও দিনের পর দিন ঘুরে যাচ্ছেন। ফলে তারা চরম হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

দুই নম্বর জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে সাধারণ জনগণ তাদের চাহিদামতো সেবা নো পেয়ে হয়রানির শিকার হচ্ছে। মূল কারণ হচ্ছে সার্ভার ও বিদ্যুত্ সমস্যা।

এ ব্যাপারে রেজিস্টার জেনারেল কার্যালয়ের (অনলাইন বিআরআইএস ডাটাবেসের) প্রোগ্রামার ফাহমিদা শিরিন জানান, আমাদের সার্ভার তুলনামূলক ধীরগতিসম্পন্ন। সার্ভার উন্নয়নের জন্য কাজ চলছে।