বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপির অপর নাম গণতন্ত্র আর গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। দেশকে নিয়ে আমাদের পরিকল্পনার একটি রুপরেখা আমরা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড সরবরাহ করবো। দারিদ্র বিমোচন করবো, অর্থনৈতিক স্বচ্ছলতা আনবো। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বি দল নির্দিষ্ট পরিকল্পনার পরিবর্তে ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে। এমন প্রতিশ্রুতি আবার শুনলে জিজ্ঞেস করবেন, তাদের জান্নাতের বাস স্টেশন কোথায়?
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাতে মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি যখনিই ক্ষমতায় থাকে তখনি দেশের লবণ চাষীরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পায়। এখন লবণের মাঠে ন্যায্য মূল্য নেই, অথচ ঢাকা-শহরে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা কিনে খায়, আর লবণচাষীরা কেজিতে ১০ টাকাও পায়না- এটা চরম বৈষম্য।’
তিনি বলেন, আমাদের দরিদ্র লবণচাষীদের লবণের নায্য মুল্য নিশ্চিত করতে অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তবর্তীকালিন সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিলো ফলে লবণের দাম কমে গিয়েছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, সামনে লবণের দাম বাড়বে। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মুল্য নিশ্চিত হবে বলে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুটসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
একইদিন সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান।
