প্রাণহানির আশঙ্কা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে একটি পোলের অভাবে ফলবান কাঁঠাল গাছে বিদ্যুতের সঞ্চালন তার প্যাঁচিয়ে প্রায় পঞ্চাশটি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন এ অবস্থার কারণে ঐ গাছটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিকারে একাধিকবার আবেদন করলেও নজর দিচ্ছে না কেউ। ফলে বিদ্যুত্ আতঙ্ক নিয়ে দিনাতিপাত করছে ঐ এলাকার মানুষ।
জানা যায়, সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ওয়াপদা মোড়স্থ হাজীপাড়ায় এক যুগ আগে প্রায় সড়কের ধারে একটি কাঁঠাল গাছকে পোল হিসেবে বিদ্যুতের সঞ্চালন লাইন প্যাঁচিয়ে অর্ধশতাধিক বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। দীর্ঘ এক যুগের পুরাতন এ সকল সম্প্রসারণ লাইন ঝড়-বৃষ্টিতে পড়ে বিদ্যুত্স্পৃষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গাছটি সড়কের ধারে হওয়ায় পথচারীসহ গরু-ছাগল ও অন্যান্য প্রাণী চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
মোখলেছুর, শফিকুল ইসলাম ছটাক, আব্দুল মালেক ও গোল্ডেন নামে ঐ এলাকার বিদ্যুত্ গ্রাহকরা জানান, আমরা গত ২৯ জুলাই সৈয়দপুর বিদ্যুত্ বিতরণ কেন্দ্রের নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি পোলের জন্য আবেদন করি। পরে তারা জানান, আবেদনপত্রটি ঢাকায় পাঠানো হয়েছে। এভাবে একটি পোলের জন্য দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কোনো কর্ণপাত করেন না বলে অভিযোগ করেন।
সৈয়দপুর বিদ্যুত্ বিতরণ কেন্দ্র নেসকোর নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, অভিযোগ পেয়েছি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
