নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্নবিয়র্ন ইয়াক্লান্ডের সঙ্গে যোগাযোগ ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের। এপস্টেইন ফাইলে প্রকাশিত নতুন নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, গুরুতর দুর্নীতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী যুক্ত আছেন কিনা তার তদন্ত শুরু করা হয়েছে। খবর ডয়চে ভেলের।
নরওয়ের ইকোনমিক ক্রাইম পুলিশ আরকোক্রিমের ডিরেক্টর পাল লোল্যেসেথ জানান, তদন্তের যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করি। প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, যে সময় এপস্টেইনের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের প্রমাণ আছে, সেই সময় উনি নোবেল কমিটির চেয়ার এবং কাউন্সিল অফ ইউরোপের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই সময়কালে তার পাওয়া কোনো উপহার, ঋণ বা ভ্রমণ তার পদাধিকারের বিনিময় ঘটেছিল কিনা তার তদন্ত হবে। ইয়াক্লান্ডের আইনজীবি আন্দ্রে ব্রোসভিট জানিয়েছেন, তার মক্কেল যেকোনো পুলিশি তদন্তের সঙ্গে সহযোগিতা করবেন।

