হুমকির মুখে শংকরদহ গুচ্ছগ্রাম
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তিস্তার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পানি কমলেও তিস্তার ভাঙনে জরুরি ভিত্তিতে সদ্য নির্মিত একটি বাঁধের প্রায় অর্ধেক অংশ ভেঙে গেছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে শংকরদহ গুচ্ছগ্রাম।
এলাকার সামসুল, মজিবর, বাদলসহ অনেকে জানান, শুকনা মৌসুমে কাজ শুরু করলে এমনটি হতো না।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, খুব চিন্তায় আছি। গুচ্ছগ্রাম বুঝি আর টিকবে না। আর দেড়শ’ ফুট ভাঙলে ভাঙন আসবে গুচ্ছগ্রামে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লষ্টি কাজের তদারককারী বরকত আলী বলেন, বাঁধটির অবস্থা খারাপ। প্রাথমিক অবস্থায় ৫০০ মিটার বাঁধের কাজ করা হয়। পরবর্তীতে জনগণের অনুরোধে আরো ১৩০ মিটার অংশে বাঁধ দেওয়া হয়। তিনি বলেন, টেন্ডার ছাড়াই কাজটি জরুরি ভিত্তিতে করা হচ্ছে।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে এবং সময়মতো কাজ না করার কারণে আজকে বাঁধটি রক্ষা করতে পারছে না। তিস্তার সব পানি এসে এখানে হিট করছে। ফলে সহজে বাঁধটি ভেঙে যাচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বাঁধটির অবস্থা একটু খারাপ। তবে আগের চেয়ে ভাঙন একটু কমেছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এটি নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, এটি তো বাঁধ না। ভাঙন রোধে নতুন করে আবার কাজ করবেন বলে তিনি বলেন।
