সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও চারজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী-নিমগাছীগামী সড়কের খৈচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- তাঁড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন এবং তার স্ত্রী মনোয়ারা বেগম। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন স্বামী-স্ত্রী। এতে আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের কয়েকজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, খৈচালা এলাকায় অটোভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
