চিলমারীতে অগ্নিকাণ্ড
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
চিলমারীতে অগ্নিকাণ্ডে গতকাল শনিবার দুপুরে দুই মাস ২২ দিন বয়সের এক শিশুসহ বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের নটারকান্দি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নটারকান্দি বাজারপাড়া এলাকার আমিনুল ইসলামের বাড়িতে ছোট দুই শিশু গ্যাস ম্যাচ নিয়ে খেলছিল। খেলতে খেলতে গ্যাস ম্যাচের আগুন ঘরে লাগলে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমিনুল ইসলামের ইয়ামনি নামের ২ মাস ২২ দিন বয়সি এক শিশু কন্যা পুড়ে মারা যায়। এ ছাড়াও ঘরে রক্ষিত কাপড়-চোপড়, ধান-চাল, নগদ ১৩ হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় আমিনুল ইসলাম অন্যের জমিতে দিনমজুরের কাজ করছিল। আমিনুলের স্ত্রী ছোট শিশুটিকে বিছানায় শুইয়ে রেখে পাশের জমি থেকে কাদামাটি আনতে গিয়েছিল।
