নড়াইল প্রতিনিধি
নড়াইলের পল্লিতে শুক্রবার বিষধর সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মেরিনা বেগম(২৫)। তিনি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। নিহতের ভাই জামাল শেখ জানান, ঐদিন নিজ ঘরে মেরিনাকে বিষধর সাপ দংশন করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে শুক্রবার রাতে সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মর্জিনা খাতুন(৪৫)। তিনি উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া গ্রামের শুকুর চাঁদের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মর্জিনা খাতুন প্রয়োজনীয় কাজ শেষে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নিজ বাড়ির উঠানে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে স্থানীয় ক্লিনিকে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
