গোদাগাড়ীর দু্ই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষাযন্ত্র নেই

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৭

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীর দুই সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর শনাক্ত ও পরীক্ষা যন্ত্র নেই। এতে করে সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা।

প্রতিদিন প্রায় ৩০০-৪০০ রোগী বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেমতলী ও উপজেলা সদরে অবস্থিত গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিত্সা নিতে আসেন। এদের মধ্যে অনেকেই আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য এনএসওয়ান, অ্যান্টিবডি আইজিএম, এইচসিটি এবং সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার কোনটিই হয় না উপজেলার দুই হাসপাতালে। এতে করে রোগীদের উপজেলার বেসরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহুল হক বলেন, ডেঙ্গু জ্বর পরীক্ষার বিষয়ে সিভিল সার্জন অফিসে কথা বলেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর পরীক্ষা করার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।