টাঙ্গাইল প্রতিনিধি
ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান খান, টাঙ্গাইল আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি শাহীন চাকলাদার, নাট্য সংগঠক সাম্য রহমান, ব্যাংকার জাহাঙ্গীর আলম, সিটিজেন জার্নালিস্ট গ্রুপের ক্রিয়েটর সাজ্জাদ খোশনবীস ও আকিবুর রহমান, ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার শরিফুল আলম প্রমুখ। বক্তারা সারাদেশে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
