বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, দুই স্কুলছাত্র নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহাবি (১৪)। আহতরা হলেন একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)।

তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭টার দিকে তিন বন্ধু দৌলতখালী মাদ্রাসা মোড় এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষে তিনজন বাড়ি ফেরার পথে দৌলতখালী-কিশোরীনগর রাস্তার হাজীপাড়া নামাক এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রহমত আলী ও মোহাম্মদ সাহাবিকে মৃত ঘোষণা করেন। পরে সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুই স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইফ নামে আহত আরও এক স্কুলছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

ইত্তেফাক/এপি