রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড় থেকে গ্যাস সিলিন্ডারের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ৪ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনঃ মো. মামুন হাওলাদার (২৬) ও মো. মানিক (২৭)। গতকাল বুধবার ভোর ৫টার দিকে অভিনব কায়দায় লুকানো এই ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-২ এর একটি টিম মঙ্গলবার মধ্যরাতে নাবিস্কো মোড়ে চেকপোস্ট স্থাপন করে। পরে ভোর ৫টার দিক সন্দেহজনক পিকআপটি আসলে সেটা থামানোর চেষ্টা করা হয়। এসময় পিকআপটি থামিয়ে চালক ও হেল্পার পিকআপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া করে তাদের দু’জনকেই আটক করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে এ দু’জন প্রথম ইয়াবার কথা অস্বীকার করেন। কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পিকআপে বহন করা ৩৩ গ্যাস সিলিন্ডারের মধ্যে দু’টি সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকানো আছে। তাদের দেখিয়ে দেওয়া সিলিন্ডার থেকে ১ লাখ ৪ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়। পিকআপটি আটক করা হয়েছে।
