যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিক্ষকের নাম আবদুল মজিদ। বৃহস্পতিবার সকালে হয়রানির শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে মজিদকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মজিদ ঐ ছাত্রীকে শ্রেণিকক্ষে যৌন হয়রানি করে। এ ঘটনায় ৩০ জুলাই শিশুটির মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগপত্র দেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক আবদুল মজিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।