বিএনপির জন্যই জরুরি অবস্থা দরকার :কাদের

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে বিএনপি। দেড় বছরেও খালেদা জিয়ার জন্য দেড় মিনিট যারা আন্দোলন করতে পারেনি, যারা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ, তাদের বিপদ-সংকট থেকে উদ্ধার করার জন্যই জরুরি অবস্থা দরকার। গতকাল শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ডিএনসিসির পাঁচ নম্বর অঞ্চলের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শেষ দিন ছিল গতকাল।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, অনেকে কাজে নেই। কিন্তু তারা কখনো বলে মহামারি ঘোষণা করো, কখনো বলে জরুরি অবস্থা ঘোষণা করো। যারা কাজ করে না, তারাই আজকে আতঙ্ক সৃষ্টি করে। জরুরি অবস্থা তাদের দরকার, যারা জরুরি সংকটে আছে। দল হিসেবে ব্যর্থতার দগদগে ঘা যাদের, যারা শুধু ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। এদের মুখেই এসব কথা মানায়। যতদিন না এডিস মশার আক্রমণ থেকে দেশের জনগণকে রক্ষা করতে পারব, ততদিন এই পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, সারাদেশে চিকিত্সকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বত্র যাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের শনাক্তকরণ, রক্ত পরীক্ষা ও চিকিত্সা হয়, তা এই সেল সার্বক্ষণিকভাবে তদারক করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই উদ্যোগ। তিনি আরো বলেন, শেখ হাসিনার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারব ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। 

ওবায়দুল কাদের আরো বলেন, ডেঙ্গুতে ফিলিপাইনে হাজারের মতো লোক মারা গেছে, লক্ষাধিক আক্রান্ত। এটা ভিয়েতনাম, ভারত, মিয়ানমার ও চীনেও আছে। এই রোগ থাইল্যান্ডেও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। তবে আমরা বেশি কথা বলব না, কাজ করব। এই সময়টি অত্যন্ত সংবেদনশীল, এই সময় অতিকথন দেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। তিনি অতিকথন থেকে দায়িত্বশীল সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল আতঙ্ক ছড়াচ্ছে, যাতে ঈদের সময় মানুষ বাড়িঘরে না যায়। বাড়িঘরে কেন যাবেন না? সবাই বাড়ি যাবেন, কিন্তু সতর্ক থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এডিস মশা ও ডেঙ্গু যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। এ জন্য সচেতনতা বাড়ানো ও করণীয় ঠিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে এই এডিস মশা ও ডেঙ্গু প্রতিহত করব।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওই এলাকায় মশার ওষুধ ছিটানো হয় এবং নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।