সিনিয়র বুশকে শ্রদ্ধা জানাতে ওয়াশিংটনে বিশ্ব নেতারা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২৩:০২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ডাব্লিউ বুশের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রে পৌছেছেন। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা। সিনিয়র বুশকে টেক্সাসে স্ত্রীর পাশে সমাহিত করা হবে। তার স্মরণে বিশ্ব নেতাদের প্রশংসাবাণী শোনাবেন তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। খবর সিএনএন ও বিবিসি’র

৪১তম মার্কিন প্রেসিডেন্টের মরদেহ ওয়াশিংটনে ন্যাশনাল ক্যাথেড্রালে নেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট এইচ ডাব্লিউ বুশের মরদেহে শ্রদ্ধা জানাবেন। বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ জানিয়েছেন, সিনিয়র বুশের শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা, বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, জিমি কার্টার ও ফার্স্ট লেডি রোজানিল কার্টার   এবং তাদের সন্তানরা। বিশ্ব নেতাদের মধ্যে অংশ নেবেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও রানী, অস্ট্রেলিয়ার গভর্ণর জেনারেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট লেক ওয়ালেসা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস চার্লস, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজরসহ জাপান, পর্তুগাল, এস্তোনিয়া, কুয়েতসহ অনেক দেশের সাবেক নেতৃবৃন্দ অংশ নেবেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে। স্থানীয় সময় গত শুক্রবার রাতে ৯৪ বছর বয়সে মারা যান সিনিয়র বুশ।