নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমানউল্লাহ নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম সরকার ওই এলাকার হাজী মঙ্গল মিয়ার ছেলে। তিনি চরমধুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাভলী আক্তারের স্বামী।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর গ্রামের রিফাত ও নয়নের সঙ্গে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে স্থানীয় বাজার থেকে আমানউল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং আমানউল্লাহ আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম সরকারকে মৃত ঘোষণা করেন। আহত আমানউল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
নিহতের ভাই মোস্তাকিম অভিযোগ করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিফাত, নয়ন, হানিফা, জামালসহ কয়েকজন পরিকল্পিতভাবে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠে গুলির ক্ষত রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
