দ্রুত কার্যকর ওষুধ এনে এডিস মশা ধ্বংসে ব্যবস্থা নিন :নাসিম

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এটা এখন ঢাকা ছাড়িয়ে জেলা-গ্রামে ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত কার্যকর ওষুধ এনে প্রতিদিনই এডিস মশার উত্সস্থল ধ্বংসের ব্যবস্থা নিতে হবে। যেহেতু সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে দক্ষ জনবলের অভাব রয়েছে, তাই দুর্যোগকালীন অবস্থা বিবেচনা করে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এডিস মশা নির্মূলে কাজে লাগান। অতীতেও যে কোনো দুর্যোগের সময় এরা মাঠে নেমেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ১৪ দলের উদ্যোগে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট—এই তিন দিন বেলা ১১টা থেকে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল। ৬ আগস্ট মতিঝিল আইডিয়াল স্কুলসহ মতিঝিল এলাকা, ৭ আগস্ট বনানী ও নিকেতন এলাকা এবং ৮ আগস্ট জিপিওর সামনে থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণ-আজাদী লীগের আতাউল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদের রেজাউর রশীদ খান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।