কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্যের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০৭

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মাওলানা ইয়াহিয়া (৬৩)। তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হাফেজ মাওলানা ইয়াহিয়া হঠাত্ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

তিনি আরো জানান, হাফেজ ইয়াহিয়া ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ২০১২ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস বলেন, হাফেজ মাওলানা ইয়াহিয়াকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল।